ঢাকা
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ২:২৪
logo
প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৫

চা শিল্পের টেকসই ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সভা অনুষ্ঠিত

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: চা শিল্পের টেকসই ও শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদেরের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে অবস্থিত লস্করপুর ভ্যালীর কার্যালয়ে ২৩টি চা বাগানের শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মানিত অতিথি ছিলেন এনটিসির পরিচালক সালেহ উদ্দিন।

চা বাগান শুধু অর্থনীতির নয়, এটি প্রকৃতির এক বিশাল সম্পদ উল্লেখ করে সভায় এনটিসির পরিচালক ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সাংবাদিক সালেহ উদ্দিন বলেছেন, চা বাগান রক্ষা করা শুধু মালিকদের দায়িত্ব নয়, শ্রমিক, প্রশাসন ও স্থানীয় জনগণেরও দায়িত্ব। প্রকৃতির এই সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্যও সংরক্ষণ করতে হবে।

সালেহ উদ্দিন বলেন, চা বাগানের পরিবেশ, উৎপাদন ও শ্রমিকদের কল্যাণ -এই তিনটি বিষয় পরস্পরের সঙ্গে জড়িত। তাই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও শ্রমিকদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে হবে। প্রতিটি চা শ্রমিক এই শিল্পের মেরুদন্ড। তাদের পরিশ্রম ও আন্তরিকতা ছাড়া এ শিল্প টিকে থাকা সম্ভব নয়। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে।

সালেহ উদ্দিন জানান, বাগানের ২০০ শ্রমিককে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা দক্ষতা অর্জনের পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা আয়েও অবদান রাখতে পারেন। চা বাগানের উৎপাদন বৃদ্ধি, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা ও শ্রমিকদের আবাসন উন্নয়নের লক্ষ্যে এনটিসি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।

পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের বলেন, চা শ্রমিকরা আমাদের জাতীয় অর্থনীতির অমূল্য অংশ। তাদের কল্যাণ নিশ্চিত করা মানেই দেশের উন্নয়নকে টেকসই করা। পিকেএসএফ সবসময় চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও করবে।

চা শ্রমিক নেত্রী খাইরুন আক্তার বলেন, প্রায় ২০০ বছর ধরে আমরা বাগানে বসবাস করছি। এখানে আজও আমাদের ভূমির অধিকার দেওয়া হয়নি। যখন এ কথাটা ভাবি, তখন কলিজায় লাগে। কেন আমাদের ভূমি অধিকার নেই। আমরা আমাদের ভূমির অধিকার চাই।

সভায় বক্তব্য রাখেন, চা বাগানের ম্যানেজার মো. সেলিমুর রহমান, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন, চা শ্রমিক নেতা নৃপেন পালসহ লস্করপুর ভ্যালীর বিভিন্ন চা বাগানের ম্যানেজার ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এছাড়া সভায় উপস্থিত নেতৃবৃন্দ চা শিল্পের সার্বিক উন্নয়ন ও শ্রমিকদের ভূমি ও সামাজিক অধিকার নিশ্চিতের দাবিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram