

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বাড়ির পাশের খালের পানিতে পড়ে ইয়াছিন আলী নামে আড়াই বছর বয়সের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জোড়গাছ বাঁধ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন পশ্চিম খরখরিয়া এলাকার নুর হোসেনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শিশু ইয়াসিন আলী জোরগাছ বাঁধ এলাকায় তার নানার বাড়িতে ছিল। শুক্রবার বেলা ১১টার দিকে খেলতে খেলতে সে সবার অজান্তে বাড়ির পাশে থাকা একটি খালের পানিতে পড়ে যায়। এসময় স্থানীয় এক ব্যক্তি পানিতে শিশুটিকে দেখতে পেয়ে তার নানা আবু তালেব কে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ইয়াছিন আলী কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
