

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের উলুবুনিয়া নদীর উপর নির্মিত শামুকপোতা ও পুটিমারী এলাকার মানুষের যাতায়াতের একমাত্র সংযোগ সেতুটি ভেঙ্গে পড়ায় দু’পারের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
গত বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উলুবুনিয়া নদীর উপর নির্মিত সেতুটি আকস্মিকভাবে ভেঙ্গে পড়ায় এ জনদুর্ভোগ।
স্থানীয়রা জানান, উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাশে উলুবুনিয়া নদীর উপর ২০০০ সালে তৎকালীন সরকার সেতুটি নির্মাণ করেন। সেতুটি নির্মাণের পর থেকে পুটিমারী ও শামুকপোতা এলাকার জনগণের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছিল।
এই সেতুর মাধ্যমে দুই ইউনিয়নের তিনটি বিদ্যালয়, তিনটি বাজার এবং পার্শ্ববর্তী গ্রামগুলোর হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করেন।
ধারণা করা হচ্ছে, দুর্বল অবকাঠামো ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এক পর্যায়ে বুধবার রাতে সেটি ভেঙ্গে পড়ায় পুটিমারী ও শামুকপোতা এলাকার মানুষের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম বিপাকে।
স্থানীয়রা জানান, ব্রিজটি অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, তবে এমন অবস্থায় তখন কেউ তা সংস্কারে উদ্যোগ নেয়নি। প্রাথমিকভাবে সংষ্কারে উদ্যোগ নিলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হত বলেও মনে করেন তারা।
খবর পেয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করলেও সেখানকার যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে ঠিক কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানাতে পারেননি তারা।
উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব বলেন, এখানে নতুন করে একটি পাকা সেতু নির্মাণ করতে সময়, প্রক্রিয়া ও বরাদ্দ প্রয়োজন। তাই ইউএনও স্যারের নির্দেশনায় আপাতত কাঠের ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে তাৎক্ষণিক সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলেও মনে করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, জনগণের চলাচলের সুবিধার্থে দ্রুততম সময়ের মধ্যে সেখানে একটি কাঠের ব্রিজ নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
