ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৮
logo
প্রকাশিত : নভেম্বর ৬, ২০২৫

পদ্মা বাঁচাতে এবার নাচোলে বিএনপির গণসমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 'চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই'-এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

নাচোল ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সাবেক এমপি হারুনুর রশীদ।

প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।

হারুনুর রশীদ বলেন, “পদ্মা নদী কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবন রেখা। এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি, থাকব।”

অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, “পদ্মা আমাদের মায়ের মতো। এই নদী বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। একতরফা পানি বণ্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায়। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়-ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।”

আমিনুল ইসলাম বলেন, “এই আন্দোলন দলীয় নয়, এটি জনগণের জীবনের লড়াই। পদ্মা রক্ষা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে ন্যায্য পানি বণ্টনের দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরি করতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে পদ্মা আবারো প্রাণ ফিরে পাবে।”

নাচোল উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আসিক মাহমুদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, নাচোল উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মঈনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি।

সমাবেশে অন্য বক্তারা অবিলম্বে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের ব্যবস্থা গ্রহণ ও নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। “চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” স্লোগানে স্লোগানে পুরো সমাবেশ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। এসময় বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram