

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় বাসি খাবার বিক্রির অপরাধে সাজ্জাত হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে ৭০ হাজার টাকা, নকল প্রসাধনী বিক্রির অপরাধে পৌরসভার উত্তরা মোড়ে সাদিয়া কসমেটিকের মালিক মিজানুর রহমানকে ১ লাখ টাকা, রাজশাহীর বানেশ্বর এলাকার মেসার্স খালেক ডাউল মিলস এ প্রস্তুতকৃত কেমিকেলযুক্ত মুগ ডাল বিক্রির অপরাধে আলামিন স্টোরের মালিকে ১০ হাজার এবং একই অপরাধে মারিয়া এন্টারপ্রাইজের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমের বলেন, বিভিন্ন অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
