ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৪
logo
প্রকাশিত : নভেম্বর ৬, ২০২৫

জয়পুরহাটে মনোনয়ন বঞ্চিত বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএনপির দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এতে গোলাম মোস্তফার সমর্থকদের দুই জন আহত হয়েছে বলে দাবি করেছেন তারা। উপজেলা পরিষদের সামনে এবং পৌরসভার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) বিএনপির পক্ষ থেকে ঢাকা জেলার সাবেক ডিসি এবং সাবেক সচিব আবদুল বারী মনোনয়ন পান। এরপর থেকে মনোনয়ন বঞ্চিত ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা গত কয়েকদিন থেকে বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

তারই ধারাবাহিকতায় তারা বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সদ্য মনোনয়ন পাওয়া সাবেক সচিব আবদুল বারীর পক্ষে আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীরা তাদের ধানের শীষের প্রার্থীর পক্ষে এক হয়ে কাজ করার আহব্বান জানান। এতে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে তাদের ধাওয়ায় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

পরে বিক্ষোভকারীরা আক্কেলপুর ব্রীজের পূর্ব পাশে পৌরসভার মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় বিক্ষাভ পন্ড হয়ে যায়। এ ঘটনায় গোলাম মোস্তফা গ্রুপের নেতা আপেল মাহমুদ বকুল এবং আইয়ুব আলী আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে দাবি করেন তারা।

মনোনয়ন বঞ্চিত গোলাম মোস্তফা গ্রুপের নেতা আপেল মাহমুদ বকুল বলেন, দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে বিএনপির জন্য রাজপথে গোলাম মোস্তফা আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা অনেক জুলুম নির্যাতন সহ্য করেছি। আমাদের প্রত্যাশা ছিল এবার আমাদের নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা মনোনয়ন পাবেন। কিন্তু তাঁকে বঞ্চিত করে একজন অরাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে আবদুল বারী সাহেবের একদল উশৃঙ্খল লোকজন এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ আরও একজন আহত হয়েছি। আমরা তার মনোনয়ন বাতিল চাই।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা বলেন, আজ হঠাৎ করে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে কয়েকজন বিক্ষোভ করার চেষ্টা করে। আমরা তাদের বুঝিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছি। ধানের শীষের প্রার্থীর পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের সাথে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কেউ কোন প্রকার অভিযোগ দেয়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram