ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৪০
logo
প্রকাশিত : নভেম্বর ৩, ২০২৫

দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে লড়বেন দলের অন্যতম শীর্ষ নেতা ও চেয়ারপারসনের বিশেষ সহকারী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মহাসচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডাঃ জাহিদ হোসেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা মনে করছেন, চিকিৎসক পেশা থেকে উঠে আসা ও দলীয় নেতৃত্বে দীর্ঘ অভিজ্ঞতার কারণে ডাঃ জাহিদ হোসেন এ অঞ্চলে বিএনপির ঘাঁটিকে আরও সুসংগঠিত করতে সক্ষম হয়েছেন। বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাটে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ইতোমধ্যেই লক্ষণীয়ভাবে বেড়েছে।

অনেকে মনে করছেন, জাতীয় ও স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সংগঠনের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠার কারণে তিনি এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছেন। ফলে দিনাজপুর-৬ আসনে তাঁকে ঘিরে বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা ও জয়ের প্রত্যাশা।

উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram