

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাসীর বাড়িতে দিনে দুপুরে চুরি সংঘঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী গ্রামে।
জানা যায়, ঐ এলাকার মালয়েশিয়া প্রবাসী আমির হোসেনের স্ত্রী আম্বিয়া বেগম তার ঘর থেকে পাশের বাড়ীতে কাজে গেলে এই ফাঁকে একই এলাকার মাজহারুল (৪৫) ও তার ছেলে তরিকুল (২১) মিলে তার বসত ঘরের প্রবেশ করে ওয়ারড্রপে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করার সময় ঐ মহিলা বাড়ি ফিরে দেখতে পায়। তখন চোরেরা তাকে ধাক্কা দিয়ে ফেলে টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় প্রবাসীর স্ত্রী আম্বিয়া বেগম সোমবার দুপুর দুজনকে নামিয়ে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত দু'জনের মধ্যে তরিকুলকে গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় মাদকসেবী হিসাবে পরিচিত। তারা এলাকার তরুণ ছেলেদের মাদকের দিকে ঝুঁকতে সাহায্য করে। মানুষের জায়গা দখল, লুটপাট, চুরি এমন কোন কাজ নেই তারা করে না। তাদের অবশ্যই আইনের আওতায় এনে এলাকার শান্তি শৃংখলা বজার রাখার ব্যবস্থা করতে হবে।
আড়াইহাজার থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযুক্ত দুইজনের একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
