ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৪৪
logo
প্রকাশিত : নভেম্বর ৩, ২০২৫

ঘোড়াঘাটে হিজড়া থাকলেও ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের ক্যাটাগরি শূন্য

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ভোটার নিবন্ধন ফরমের (ফরম-২) প্রয়োজনীয় সংশোধনী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। চাইলে হিজড়ারা স্বেচ্ছায় পুরুষ বা নারী হিসেবেও ভোটার তালিকায় নাম লেখাতে পারবেন। কিন্তু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দেখা গেছে এর ভিন্ন চিত্র। অভিযোগ উঠেছে, এই ক্যাটাগরিতে ভোটারের সংখ্যা বর্তমানে শূন্য। বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা থাকলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। অন্তর্ভুক্তির ক্ষেত্রে হিজড়াদের অবস্থান শূন্য দেখানো হয়েছে।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিরাহিমপুর আশ্রয়ন প্রকল্পের ছয়টি ঘরে অন্তত ৭/৮ জন হিজড়া বসবাস করছেন। তাদের মধ্যে ৭ জনের পুরুষ ভোটার তালিকায় নামও আছে বলে তাঁরা স্বীকার করেন। কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য ভোটার তালিকায় যে বিশেষ ক্যাটাগরি রয়েছে, সে সম্পর্কে তারা নিজেরাও জানেন না কিংবা তাদেরকে এ বিষয়ে কেউ অবগতও করেননি।

এ নিয়ে কথা হলে হিজড়াদের গুরু মা আমজাদ হিজড়া ওরফে আলো জানান, এই উপজেলায় ২৫ থেকে ২৬ জন হিজরা আছে। এর মধ্যে তাঁর নিয়ন্ত্রণে আছে ৭/৮ জন হিজড়া। তাঁরা সকলে ভোটার হলেও নারী—পুরুষের মত যে একটা হিজড়াদেরও তালিকা আছে সে খবরটা তাঁরা জানতেন না। এ সময় তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত হিজড়াদের কাছে খবরটা না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমরা হিজড়ারা কী করে জানবো, কী করে পরিবর্তন করবো? হিজড়াদের তালিকায় আমাদেরকেও যেন অন্তর্ভুক্তির করা হয় বলে তিনি সহযোগিতা কামনা করেন।

ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন জানান, ৩নং সিংড়া ইউনিয়নের হিজড়া পল্লীতে যারা বসবাস করছে তারা যে হিজরা ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হতে পারেনি সেটা তিনি অবগত না। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন বলে জানান।

এ বিষয়ে উপজেলার সকল হিজড়ারা গত রবিবার ২ তারিখ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সাথে দেখা করে সমস্যার কথা জানালে তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল কে যথাযথ নিয়ম মেনে প্রত্যয়ন দেওয়াসহ তাদের এ ব্যাপারে সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, এ উপজেলায় হিজড়া হিসেবে কোনো ভোটার অন্তর্ভুক্ত নেই। তবে তিনি আশ্বাস দেন, যদি কেউ হিজড়া হিসেবে ভোটার হতে আগ্রহী হন তাহলে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্বিক সহযোগিতা করে তাদের ভোটার করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram