

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৪ লিটার চোলাই মদ ও ২২০ লিটার মদ তৈরীর উপকরণ উদ্ধার করেছে। মদ তৈরির সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার (২ নভেম্বর) উপজেলার পৌর শহরের মধ্য ভালুকা থেকে এসব মদ উদ্ধার করে গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্প যৌথবাহিনী।
অভিযানটি পরিচালনা করেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোরশেদ। অভিযানে অংশ নেন গৌরীপুর থানার পুলিশ।
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে পৌর শহরের ভালুকা ব্রীজ সংলগ্ন ঋষি বাড়িতে অভিযান পরিচালনা করে ১৪ লিটার চোলাই মদসহ ২২০ লিটার মদ তৈরীর উপকরণ উদ্ধার করা হয়। এ সময় মদ তৈরিতে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা তাদের বসতঘরের মেঝে খুঁড়ে চোলাই মদের গোপন মজুদ রেখে ব্যবসা করে আসছিল।
আটককৃতরা হলেন, মধ্য ভালুকা ব্রীজ সংলগ্ন মুরাদ রবিদাসের ছেলে বিশ্বনাথ রবিদাস (৬০), বিশ্বনাথ রবিদাসের স্ত্রী মিনা রবিদাস (৫৫), মৃত জীবন রবিদাসের স্ত্রী সবিতা রবি দাস (৪৫) ও মৃত জীবন রবিদাসের ছেলে তাপস রবিদাস (৪৫)।
উদ্ধারকৃত মদ, উপকরণ ও আটককৃতদের গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ দিদারুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
