ঢাকা
logo
প্রকাশিত : November 2, 2025

অষ্টগ্রামে খাল দখল নিয়ে ভাংচুর ও ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২০

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে খাল দখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাসহ রিফাত ব্রিক ফিল্ডে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষের ভাষ্যমতে, এ ঘটনায় প্রায় ২০জন আহত হয়েছেন বলে জানা যায়। রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর এলাকার সবুরের ভাঙ্গা খাল সংলগ্ন রিফাত ব্রিক ফিল্ডে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অনুসন্ধানে জানা যায়, ২০০৯ সালে বন্যার পানি নেমে কৃষি জমি ভেঙ্গে সবুরের ভাঙ্গা খালটির উৎপত্তি হয়। খালটি ধলেশ্বরী নদীর সাথে মিশে বাহাদুরপুর ও কাস্তুল এলাকার কৃষকের প্রায় ২০০ একর জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। সূত্র জানায়, সম্প্রতি কাস্তুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনায়েত উল্লাহ পরিষদের পক্ষ থেকে খালটি লিজ দিলে বিষয়টি নিয়ে আদালতে মামলা হয় এবং আদালত এর উপর নিষেধাজ্ঞা জারি করে।

খালের ইজারাদার ও রিফাত ব্রিক্সের স্বত্তাধিকারী শেখ জসিম উদ্দিন এ প্রতিনিধিকে জানান, কাস্তুল ইউনিয়ন পরিষদ থেকে খালটি আমাদের লিজ দেয়। স্থানীয় লোকজন এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে আদালত থেকে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। আমি আদালতের নিষেধাজ্ঞার প্রতি শ্রদ্ধাশীল থেকে কাগজপত্র নিয়ে সকালে (২ নভেম্বর) আদালতে যাওয়ার জন্য ইট ভাটার অফিসে প্রস্তুতি নেওয়ার মুহূর্তে স্থানীয় লোকজন আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে আমার অফিসে হামলা চালিয়ে লুটপাটসহ ভাংচুর চালায়। এসময় তারা কয়েকটি গাড়ীও ভাংচুর করে এবং ১ লক্ষ ১১ হাজার নগদ টাকা, ১টি স্পীড বোটের ইঞ্জিন, ৫টি সেলো মেশিন ও শ্রমিকদের চাল-ডাল লুটপাট করে নিয়ে যায়। তখন তাদের বাধা দিতে গেলে আমিসহ আমাদের ১০/১২ জন গুরুতর আহত হয়।

এবিষয়ে বাহাদুরপুর গ্রামের বাসিন্দা এখলাছ উদ্দিন ভূঁইয়া এ প্রতিনিধিকে জানান, বাহাদুরপুর ও কাস্তুল এলাকার কৃষকের প্রায় ২০০ একর জমি ভেংগে এ খালের উৎপত্তি হয়েছে। কাস্তুল ইউনিয়ন পরিষদ এ বছর খালটি এখতিয়ার বহির্ভূত ভাবে লিজ দেয়। আমরা এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে আদালত এ খালে নিষেধাজ্ঞা জারি করে। আজ সকালে (২ নভেম্বর) আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইজারাদারের লোকজন খাল দখল করতে আসলে আমরা বাধা দেই। তখন উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আমাদের প্রায় ৮/১০ লোক আহত হয়।

এ বিষয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনায়েত উল্লাহ এ প্রতিনিধিকে জানান, গোবর তালুক হতে ভিতরমান্দা পর্যন্ত খালটি ১৯৯০ সালে ইউনিয়ন পরিষদ খনন করে। এখানে পরিষদের ২৪ একর জমি রয়েছে। যা প্রতি বছরের ন্যায় এ বছরও আমি লিজ দিয়েছি।

ঘটনার সত্যতা স্বীকার করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ প্রতিনিধিকে জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram