

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বৈলতলা গ্রামে নিখোঁজের একদিন পর গাজীখালি নদী থেকে মোরাদ (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোরাদ ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার বিকেলে বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হয় মোরাদ। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার সকালে বাড়ির পাশের গাজীখালি নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) রনজিৎ সাহা বলেন, নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে পানিতে ডুবে মারা গেছে। পরিবার ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়েছে, বিষয়টি প্রক্রিয়াধীন।
