

সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও সুপেয় পানির অভাব মোকাবিলায় মহেশখালী উপজেলায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য অসহায় ও জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর বাস্তবায়নে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০টি অসহায় পরিবারের মাঝে ৩ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংকি বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্ল্যাহ। বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।
এসময় আরও উপস্থিত ছিলেন কোডেকের মহেশখালী উপজেলা ম্যানেজার সোহারাব হোসেন, ফিল্ড অফিসার কহিনুর আকতার ও সোহেল রানা প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট ক্রমেই বাড়ছে। বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগ এসব পরিবারের জীবনে স্বস্তি ও স্থায়ী সমাধান এনে দেবে।”
