

কেরানীগঞ্জ প্রতিনিধি: আমরা স্বপ্নের কথা বলি না, আমরা বলি বাস্তবায়নের কথা। আমরা স্বপ্ন দেখাই না, আমরা স্বপ্ন বাস্তবায়ন করতে বেশি পছন্দ করি। একটি ভাল স্বপ্ন দেখে নিজেকে স্থির করতে হবে। তবেই তুমি তোমার লক্ষ্য মাত্রায় পৌঁছাতে পারবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সভাপতি, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
আজ ( ২৫ অক্টোবর ) শনিবার দুপুরে কেরাণীগঞ্জ উপজেলার জিনজিরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এস এস সি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই এক সময় দেশের নেতৃত্ব দেবে। তোমরা আমার সন্তানের মত। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের কাম্য। শুধু একাডেমিক শিক্ষা নয়,একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষা গ্রহন করতে হবে। নতুন কুঁড়ি থেকে আমাদের অসংখ্য সুনামধন্য খ্যাতিজন জন্ম নিয়েছে। জিয়াউর রহমান এইরকম নতুন কুঁড়িসহ শিশুদের মেধা বিকাশের জন্য পরিশ্রম করেছেন। শিশুদের জন্য শিশুপার্ক করেছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে দেশের শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন।
গোলজারবাগ দূর্জয় এসোসিয়েশনের সভাপতি আবু জাহিদ মামুন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য হাজী নাজিম উদ্দিন, কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান বাবুল,ওমর শাহনেওয়াজ, আজাদ হোসেন,ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাবেল মোল্লা, কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ তাতী দলের সভাপতি, হোসেন হীরা প্রমূখ।
এই সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ ৫৮৫ জন শিক্ষার্থীদের সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট উপহার প্রদান করা হয়।
