

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার বাইপাস সড়কের আনছার খাঁর পুকুরপাড় এলাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারীসহ দুই যাত্রী।নিহতরা হলেন- মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রমত্তর গ্রামের মৃত তালেব্বর রহমানের পুত্র বকুল মিয়া (৬০) এবং একই ইউনিয়নের কচুড়ুমা বারহাত কালী এলাকার মেছের আলীর জামাতা আতিকুল ইসলাম আতিক (৩৫)। শনিবার সকালে উক্ত উপজেলার মহিষখোচা ইউনিয়নের আদিতমারী বাইপাস সড়কের আনছার খাঁর পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ও আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর।
আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর জানান, মহিষখোচা বাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত রিকশাটি আদিতমারীর দিকে যাচ্ছিল। আনছার খাঁর পুকুরপাড় এলাকায় পৌঁছালে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আতিকুল ইসলাম মারা যান। আহত বকুল মিয়াকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত নারীসহ দুই যাত্রী বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি ।
