

জসিম সিদ্দিকী, কক্সবাজার: বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে দেশীয় চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ অভিযানে মাদক শনাক্তে ব্যবহৃত কে-নাইন (K-9) ডগ ‘মেঘলা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি ইজি বাইক থামায় কর্তব্যরত বিজিবি সদস্যরা। তল্লাশির একপর্যায়ে ডগ ‘মেঘলা’ বাইকে থাকা যাত্রী ও বাইকের ভেতরে মাদকের উপস্থিতির ইঙ্গিত দেয়।
এরপর যাত্রীদের আচরণে সন্দেহ হলে বিজিবি সদস্যরা বিস্তারিত তল্লাশি চালায়। তল্লাশিতে ইজি বাইকের পিছনের সিটের নিচে পানির বোতলের ভেতরে লুকানো অবস্থায় ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ আবুল হাশেম (৩৬) এবং মোঃ কালা মিয়া (৩২)। তারা দুজনই কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার বাসিন্দা। বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক প্রহরীর ভূমিকায় রয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
