

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে মোঃ দুলাল শেখ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর বুধবার (২২ অক্টোবর) সকালে বিলের পানি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি পশ্চিম পাড়া এলাকায় ঘটে। নিহত দুলাল শেখ ওই এলাকায় মৃত চাঁন মিয়া শেখের ছেলে।
পাগলা থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল শেখ অন্যের জমি বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি স্থানীয় এক বিলে নিজের বর্গা করা ধান ক্ষেতে কাজ করতে যান। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরদিন বুধবার সকালে দিকে স্থানীয়রা বিলের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
