

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা শাখার সদস্য সচিব মোঃ রফিকুল ইসলামকে ১ বছরের কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আ. বা. মো. নাহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রফেসরপাড়ার আবুল কালাম আজাদের ছেলে। রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না।
বাদীর আইনজীবী রবিউল ইসলাম জানান, ২০১৩ সালের ২৭ মার্চ মামলাটি দায়ের করেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরের বাসিন্দা মো. হাম্মাদ আলী। বাদী তাঁর আরজিতে উল্লেখ করেন, রফিকুল ইসলাম ব্যবসায়িক প্রয়োজনের কথা বলে বাদীর কাছ থেকে কিছু দিনের জন্য ৪০ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে টাকা পরিশোধ না করলে বাদী জোর তাগাদা দিতে থাকেন। একপর্যায়ে রফিকুল ইসলাম ১০ লাখ টাকা করে প্রাইম ব্যাংকের চারটি চেক প্রদান করেন। চেকগুলো সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় জমা করলে উল্লিখিত হিসাবে (অ্যাকাউন্টে) সেই পরিমাণ টাকা না থাকায় সেগুলো প্রত্যাখ্যান করা হয়।
আইনজীবী আরো বলেন, ১২ বছরেরও বেশি সময় পর আদালত মামলা রায় দিয়েছেন। রায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে উল্লিখিত ৪০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, আমি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
