

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ শোলক গ্রামে যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শোলক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বটতলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পের সেনাবাহিনীর মেজর জিহান উদ্দিনের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি বিশেষ দল।
সূত্র জানায়, মৃত মোকলেছ হাওলাদারের ছেলে ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. রফিক হাওলাদারের (৪৫) বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র রাখার অভিযোগ ছিল। সম্প্রতি রফিক হাওলাদার ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
জিজ্ঞাসাবাদে রফিক স্বীকার করেন যে, তার বাড়ির একটি তালাবদ্ধ ঘরে অবৈধ অস্ত্র লুকানো আছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সেনাবাহিনী, উজিরপুর মডেল থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। তল্লাশির সময় ঘরের একটি লোহার ট্যাঙ্ক ভেঙে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়, তবে এলাকাবাসী অভিযানে সেনা ও পুলিশের তৎপরতাকে স্বাগত জানায়। উজিরপুর মডেল থানার এসআই মো. মাহাফুজুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি থানায় জমা রাখা হয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে মো. রফিক হাওলাদারকে আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া অস্ত্র মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত নিরাপত্তার কাজে ব্যবহৃত হতো। স্থানীয়রা জানান, রফিক হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
উজিরপুর থানার ওসি জানান, উদ্ধারকৃত অস্ত্র ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনে রফিক হাওলাদারকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অভিযানের পর দক্ষিণ শোলক এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
