ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৭
logo
প্রকাশিত : অক্টোবর ২১, ২০২৫

মোল্লাহাটে কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা খাতের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মোট ৪৯৫ জন কৃষককে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৫০ জন কৃষক বাড়ির আঙিনায় আগাম শীতকালীন শাক-সবজি চাষের জন্য উফশী জাতের ৭ প্রকার সবজির বীজ (মোট ৫০০ গ্রাম) পাবেন। এছাড়া মাঠে চাষযোগ্য হাইব্রিড জাতের লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শশা চাষের জন্য ৩৪৫ জন কৃষককে বীজ, ডিএপি ও এমওপি সার সরবরাহ করা হবে।

কৃষি অফিসের তথ্য অনুযায়ী, লাউ চাষের জন্য ৪০ জন কৃষককে ২০০ গ্রাম বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি; বেগুন চাষের জন্য ১০০ জন কৃষককে ৮০ গ্রাম বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি; মিষ্টি কুমড়া চাষের জন্য ১০০ জন কৃষককে ৩০ গ্রাম বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি এবং শশা চাষের জন্য ১০০ জন কৃষককে ৪০ গ্রাম বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে দেওয়া হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্যাহ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, আব্দুল্লাহ ফারুক ও সাংবাদিক কে এম মাহামুদুল হক প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু ও কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান বলেন, “রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আগাম শীতকালীন সবজি চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা করা হচ্ছে। এতে কৃষকরা আগাম সবজি চাষে উদ্বুদ্ধ হবেন, উৎপাদন বাড়বে এবং বাজারে আগাম সবজি সরবরাহ নিশ্চিত হবে।”

তারা আরও জানান, সরকারের এই উদ্যোগের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram