ঢাকা
logo
প্রকাশিত : October 18, 2025

ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আত্মরক্ষায় গুলিবর্ষণ

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালের চরমোনাই-মেহেন্দীগঞ্জ সীমানার বাকরজা সংলগ্ন কালাবদর নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে সংঘবদ্ধ জেলেদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে এ ঘটনায় আত্মরক্ষার্থে অভিযান পরিচালনাকারী দল ২০ রাউন্ড গুলিবর্ষণ করে এর মধ্যে ১৮ রাউন্ড রাবার বুলেট এবং ২ রাউন্ড সীসা বুলেট ব্যবহার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ও সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। গুলিবর্ষণের আদেশ কার্যকর করেন সঙ্গীয় ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযানিক দল বাকরজা এলাকায় একটি মাছ ধরার নৌকাকে জাল ফেলতে দেখে ধাওয়া করে। অভিযানের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। পরে জাল জব্দের সময় ৭-৮টি নৌকায় প্রায় ৬০-৭০ জন সংঘবদ্ধ হয়ে টিমের উপর আক্রমণ চালায়।

দুর্বৃত্তরা ইট-পাটকেল ছোড়ে এবং বাঁশ দিয়ে আঘাত করে অভিযান পরিচালনাকারীদের আহত করে। এ সময় স্পিডবোট চালক মামুন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গুলিবর্ষণের নির্দেশ দেন। গুলিবর্ষণে হামলাকারী ২-৩ জন আহত হন বলে জানা গেছে।

অভিযান শেষে এলাকা শান্ত হলেও নদীপথে টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে বাধা প্রদানকারী বা আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram