

কুড়িগ্রাম প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে কুড়িগ্রামে নদী পাড়ে মশাল প্রজ্বলন করে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় জেলার রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তা নদীর পাড়ে এ কর্মসূচির আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এতে তিস্তা পাড়ের সহস্রাধিক মানুষ মশাল জ্বালিয়ে নদী পাড়ের অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।
তিস্তা পাড়ের মানুষের দাবি, যুগের পর যুগ ধরে তিস্তার করাল গ্রাসে বার বার তাদের ঘর-বাড়ি ফসলী জমি বিলীন হলেও তিস্তার স্থায়ী ভাঙ্গন রোধে কোন ব্যবস্থা নেয়নি বিগত কোন সরকারই। তাই তাদের অস্তিত্ব রক্ষায় অন্তর্বর্তী সরকারের সময়েই তিস্তা মহাপরিকল্পণার কাজ শুরুর দাবি তাদের।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ভড়িয়ালডাঙ্গা ইউনিযনের বুড়িরহাট এলাকার জহুরুল ইসলাম জানান, এ পর্যন্ত তিস্তার ভাঙ্গনে ৫ বার বসতবিটা হারিয়েছি, ফসলী জমি হারিয়েছি। বছরের পর বছরের ধরে শুনে আসছি তিস্তা মহাপরিকল্পণা বাস্তবায়ন হবে। কিন্তু হচ্ছে না। তাই এবার অন্তর্বর্তী সরকারের সময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল নিয়ে নদীর পাড়ে অবস্থান কর্মসূচি পালন করছি।
কর্মসূচিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সোহেল হোসনাইন কায়কোবাব, অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, রাজারহাট উপজেলা শাখার আহবায়ক আনিছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তিস্তা নদী রক্ষা কমিটি কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, প্রতি বছর তিস্তার ভাঙ্গনে শত শত পরিবার বসতভিটা ও ফসলী জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। অন্যদিকে বার বার প্রতিশ্রুতির পরেও বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা। এজন্য তালবাহানা না করে তিস্তা পাড়ের হাজার হাজার মানুষকে বাঁচাতে অন্তর্বর্তী সরকারের সময় তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবি জানান তিনি।

