

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের দুইদিন পর হাত-পা বাঁধা অবস্থায় ইমান আলী (৫৭) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের পাবনা সুগার মিলের পাশের জঙ্গল থেকে নিহত ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়। মৃত ইমান আলী উপজেলার মুনসিদপুর গ্রামের মৃত জয়নাল আলীর ছেলে।
জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) রাতে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন ইমান আলী। এরপর দুইদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে গতকাল তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় এবং মাইকিং করে প্রচারণা চালানো হয়। তবুও কোনো সন্ধান পাওয়া যায়নি তার। বুধবার সন্ধ্যার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে দাশুড়িয়া সুগার মিলের পাশের একটি জঙ্গলে প্রচুর দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ইমান আলীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, ওই ব্যক্তি তার একটি ভ্যানসহ দু'দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। আজ স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে রাস্তার পাশে ঝোপের ভিতরে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

