

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে কেন্দ্রঘোষিত তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৯টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জয়পুরহাট জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. মামুনুর রশিদ ও জামায়াত মনোনীত জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাও: আনোয়ার হোসেন, শহর আমীর মাও: সাইদুর রহমান, পাঁচবিবি উপজেলা আমীর সুজাউল করিম, কালাই উপজেলা আমীর মুনছুর রহমান, আক্কেলপুর উপজেলা আমীর শফিউল হাসান দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা আমীর বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সন্ত্রাস, চাাঁদাবাদ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে। পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

