

এস আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় মেহেদী হাসান হৃদয় নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচীর আয়োজন করে উপজেলার কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।
অভিযোগ করা হয়, গত রোববার রাতে উপজেলার আউশিয়া গ্রামের কলেজছাত্র মেহেদী হাসান হৃদয়কে সাঁপে ছোবল দিলে হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক অবহেলা করে দেরিতে এন্টিভেনম পুশ করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়ায় রেফার্ড করে। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী মেহেদী হাসান হৃদয় এর চিকিৎসায় অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের দাবি জানান তারা।
এসময় বিক্ষুব্ধ জনতা ও আন্দোলনকারীদের উদ্দেশ্যে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন কথা বলেন। তিনি বলেন, কি কারণে সাঁপে কাটা রোগীর মৃত্যু হয়েছে তা তদন্তের মাধ্যমে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডাঃ রাশেদ আল মামুনের বক্তব্যে আশ্বস্ত হয়ে আন্দোলনকারী সাময়িক সময়ের জন্য আন্দোলন স্থগিত রাখেন। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়ে হাসপাতাল ত্যাগ করেন তারা।
