

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত মাদারীপুরের শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আহমেদ রোমান (৩২) ও পাচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মুজিবুল হক দুর্জয় (৩২) এর বাড়িতে বইছে শোকের মাতম।
দুই বন্ধু মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সোমবার ১১ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর নামক স্থানে ট্রাক চাপায় নিহত হয়। ছাত্রদল নেতাদের মৃত্যুতে শিবচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
নিহত রোমান উপজেলার মৃধাকান্দি গ্রামের তোতা মৃধার ছেলে ও দূর্জয় পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ঠিকাদার শামসুল আলমের ছেলে।
জানা যায়, ছাত্রদল নেতা দুই বন্ধু রোমান ও দূর্জয় সোমবার সকালে মোটরসাইকেল মেরামত করার উদ্দেশ্য ঢাকা যায়। মোটরসাইকেল মেরামত করে মোটরসাইকেলযোগে তারা শিবচর ফিরছিল। রাত আনুমানিক সাড়ে ৯ টার দিক মোটরসাইকেলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় একটি কাভার্ড ভ্যান পিছন থেকে তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌছলে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। নিহতদের লাশ বাড়িতে পৌছলে শোকের মাতম শুরু হয়।
শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ জানিয়েছেন, নিহত দুই যুবক তার বন্ধু। তাদের মধ্যে আহমেদ রোমান শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দূর্জয় পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। নিহত রোমানের জানাজা মঙ্গলবার সকাল ১০ টায় তার নিজ বাড়ি নলগোড়ার মৃধাকান্দিতে সম্পন্ন হয়েছে এবং মুজিবুল হক দূর্জয় এর জানাজা বাদ জোহর বাহাদুরপুর পীর মঞ্জিলের মাঠে অনুষ্ঠিত হবে।
নিহত দূর্জয়ের বাবা শামসুল হক বলেন, আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সে যদি কারো কোন কষ্ট দেয় আমি তার বাবা হিসেবে আপনাদের কাছে মাফ চাই।
