

মো. আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও বাজারে বিএডিসি'র সার (ডেপ) ছিনতাই করে বিক্রির সময় প্রশাসন আটক করেছে।
জানা যায়, মুন্সিগঞ্জ থেকে কার্গোটি বিএডিসি'র ৬৩৪০ বস্তা ডেপ সার নিয়ে মেঘনা নদী দিয়ে সুনামগঞ্জের সরকারি গুদামের উদ্দ্যেশ্যে যাওয়ার সময় নরসিংদী রায়পুরা এলাকায় ৬জন নাবিককে হাত-পা বেঁধে নদীর তীরে ফেলে রেখে কার্গোটিকে ছিনতাই করে নিয়ে যায়। গতকাল (১১/১০/২৫) সন্ধায় সারবাহী কার্গোর মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে নরসিংদী রায়পুরা থানার নৌ পুলিশ কার্গোটি জব্দ করে।
পরে নারুই, শিবনগর ও নোয়াগাঁও বাজারে এ সব সার বিভিন্ন ডিলারদের নিকট বিক্রি করতে থাকলে আইনশৃঙ্খলা বাহিনী ছিনতাইকারদের হাতেনাতে ধরে ফেলে এবং কার্গোটিকে জব্দ করে। কার্গো থেকে ছিনতাই হওয়া ৫০০ বস্তা সার শিবনগরের সানাউল্লাহর বাড়ি থেকে ও নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী মো. বোরহান উদ্দিনের গোডাউনে প্রায় ৪০০ বস্তা সার উদ্ধার করা হয়। বাকী সার এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই।
