

মানিকগঞ্জ প্রতিনিধি: ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিনি- এই শ্লোগানে মানিকগঞ্জে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস।
শুক্রবার সকালে ডিম দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও শিশুদের ডিম খাওয়ানোর আয়োজন করে জেলা প্রাণীসম্পদ দফতর।
সকাল ১০টায় প্রাণীসম্পদ দফতর থেকে বের করা হয় ডিম দিবসের শোভাযাত্রা। পরে জেলা প্রাণীসম্পদ দফতরের কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ।
ঘিওর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা পার্বতী পালের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রাণীসম্পদ দফতরের প্রশিক্ষণ কর্মকর্তা সৈয়দ আলী আজমল, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: সেলিম জাহানসহ অন্যান্য উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ও ভ্যটেরিনারি সার্জনরা বক্তব্য রাখেন।
বক্তারা ডিমের পুষ্টিগুন তুলে ধরে বলেন, ডিম উৎপাদন খরচ কমানো গেলে দামও কমে যাবে। মানুষ চাহিদা মাফিক ডিম কিনতে পারবে।পরে সরকারি শিশু পরিবারের শিশুদের সিদ্ধ করা ডিম খাওয়ানো হয়।
