ঢাকা
logo
প্রকাশিত : October 5, 2025

দোয়ারাবাজারে সেতুর অভাবে ঝুঁকিপূর্ণ পারাপার শিক্ষার্থীদের

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে: পুরো দেশে উন্নয়নের জোয়ার বইলেও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ও পান্ডারগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী সোনাপুর এলাকায় সেই ছোঁয়া লাগেনি এখনও। স্বাধীনতার পর অর্ধশতাব্দী পার হলেও এখানকার একটি খালের উপর নির্মিত হয়নি একটি সেতুও। ফলে বছরের পর বছর নৌকা ও বাঁশের সাঁকোই হয়ে আছে একমাত্র পারাপারের ভরসা।

খাল পার হয়েই অবস্থিত সোনাপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী পারাপার করে বিদ্যালয়ে যাতায়াত করছে। 

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। নৌকা উল্টে দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে, ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী ভেজা কাপড়ে স্কুলে এসে অসুস্থও হয়েছে।

দেওয়াননগর গ্রামের বাসিন্দা মো. সুনুর মিয়া বলেন, দেশে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের এই এলাকায় যেন উন্নয়নের আলো পৌঁছায়নি। স্বাধীনতার পর এত বছরেও এই খালের ওপর একটা সেতু হলো না। প্রতিটি নির্বাচনে প্রতিশ্রুতি পাই, কিন্তু নির্বাচনের পর কেউ আর ফিরে তাকায় না।

বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে। দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর ও হাজীনগর গ্রামের শিক্ষার্থীরা প্রতিদিন খাল পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসে। সরেজমিনে দেখা যায়, একদল শিক্ষার্থী নৌকার জন্য খালের পারে দীর্ঘক্ষণ অপেক্ষা করছে।

শিক্ষার্থী জয়েদ আহমদ, ফাহিম আহমদ, মিম বাহার বেগমসহ অনেকে বলেন, 'প্রতিদিন নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। বর্ষার সময় অনেক সময় স্কুলেই যেতে পারি না। সেতু থাকলে পড়াশোনায় নিয়মিত থাকতে পারতাম।'

স্থানীয় অভিভাবক শমসর আলী, মুহিবুর রহমান দুদু, রমজান আলীসহ অনেকেই অভিযোগ করেন, 'প্রতিটি নির্বাচনে নেতারা সেতুর প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোটের পর সেই প্রতিশ্রুতি ভুলে যান। আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে দ্রুত একটি ব্রীজ নির্মাণ করা জরুরি।'

সোনাপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান বলেন, 'এটি জেলার অন্যতম দুর্গম এলাকা। বিশেষ করে বর্ষায় হাজীনগর ও দেওয়াননগর গ্রামের শিক্ষার্থীরা স্কুলে আসতে পারে না। খালের ওপর একটি সেতু এবং রাস্তা পাকাকরণ হলে শিক্ষার মান উন্নত হবে।'

স্থানীয়দের দাবি, দোহালিয়া ও পান্ডারগাঁও ইউনিয়নের সংযোগকারী ওই খালের ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক—যাতে কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ যাতায়াতের অবসান ঘটে এবং এলাকার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়।

জানতে চাইলে উপজেলা এলজিইডি অফিসার আব্দুল হামিদ বলেছেন, খালের ওপর ব্রিজ নির্মাণের বিষয়টি সরজমিন পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram