

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ২ হাজার ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (৫ অক্টোবর) সকালে উখিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল পালংখালীর মরা গাছতলা সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২টি ওয়ান সুটারগান, ৫টি কার্তুজ এবং ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, বালুখালীর মো. কায়সার (২১), ফরিদ আলম (৪৭), আশ্রিত রোহিঙ্গা ফোরকান (২৩) ও আব্দুল কাদের (২০)।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
