

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় ১২ বছরের নাতিকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় বাজার খরচ শেষে বাড়ি ফিরছিলেন বৃদ্ধা মায়ারুন নেছা। রাস্তায় বৃদ্ধার গলায় ধারালো দা ঠেকিয়ে হাতে থাকা দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এক তরুণ।
থানায় অভিযোগ করার পর অভিযান চালিয়ে রাতেই বৃদ্ধার ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাইকারি তাজিম উদ্দিনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার হলদিরপাড় গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, সংসাসের সদাইপাতি ক্রয় করে বৃদ্ধা মায়ারুন নেছা (৬০) নাতি ইকবাল হোসেনকে (১২) নিয়ে উপজেলার নয়াবাজার থেকে পায়ে হেঠে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজ বাহাদুরপুর গ্রামের জনৈক নান্টু মাষ্টারের বাড়ির পূর্বপার্শ্বের মেইন রাস্তায় কবরস্থানের পার্শ্বে পৌঁছামাত্র তাজিম উদ্দিন বৃদ্ধার গলায় ধারালো দা ধরে ভয়ভীতি দেখিয়ে তার দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, মহিলার অভিযোগ পেয়েই তার দিক নির্দেশনায় তদন্ত কর্মকর্তা এসআই মো. অলিয়ার রহমান অভিযান চালিয়ে রাতেই ছিনতাইকৃত মোবাইর ফোন উদ্ধার ও ছিনতাইয়ে সরাসরি সম্পৃক্ত আসামি তাজিম উদ্দিনকে গ্রেফতার করেছেন। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
