

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: শাপলা এককভাবে জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকে পাটপাতা ধানের শীষের সাথে ভাসমান শাপলা রয়েছে। সব মিলে জাতীয় প্রতীক এবং সংবিধানে সেভাবেই বলা আছে। শুধু শাপলা এককভাবে জাতীয় প্রতীক নয়। আমরা শুধু শাপলা ফুলকে এনসিপির প্রতীক হিসেবে চেয়েছি, কিন্তু আমাদের শাপলা প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছেন।
আজ বৃহস্পতিবার সকালে বাউফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন এনপিসির যুগ্ম আহবায়ক ও বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সহকারী এটর্নি জেনারেল অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহীন।
এনসিপি নেতা শাহীন আরও বলেন, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় পশু বাঘও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক হিসেবে রয়েছে। জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লাও উচ্চ আদালতের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। তারপরেও তারা সেটা প্রতীক হিসেবে পেয়েছেন। কিন্তু এনসিপিকে শাপলা দেয়ার ক্ষেত্রে তারা বিভিন্ন কথা বলছেন, যা আইনের সাথে সাংঘর্ষিক এবং মানুষের কাছে অপছন্দনীয়।
আগামী নির্বাচন প্রসঙ্গে ওই নেতা বলেন, এনসিপি মানুষের প্রয়োজনে জনগণের স্বার্থ রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের দল এনসিপি। যা বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দিবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সদস্য সচিব অ্যাড. জহিরুল ইসলাম মুসা, পটুয়াখালী জেলা যুগ্ম-সমন্বয়কারী মো. বশির উদ্দিন প্রমুখ।

