

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাকের পার্টির বাগেরহাট জেলা সাংগঠনিক সমাবেশে বক্তারা বলেছেন, জাকের পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর প্রস্তাবনা অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘ব্লক চেইন’ পদ্ধতিতে হতে হবে। ব্লক চেইন প্রযুক্তি প্রচলিত সব প্রযুক্তির সেরা। এই প্রযুক্তির মাধ্যমে ভোট হলে ভোটগ্রহণ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে না। ঘরে বসে সাধারণ ভোটাররা তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারবেন। তা হলে এ দেশে নির্বাচনে আর হানাহানি, সংঘাত, মারামারি বিশৃংখলা হবে না। এ পদ্ধতি কার্যক্রমের জন্য নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার জিউধারা ইউনিয়নের পূর্ব কুরুপের দাইড় জাকের পার্টির আয়োজনে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র্যালি শেষে সাংগঠনিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা জাকের পার্টির সভাপতি খান আরিফুর রহমান (আরিফ)।
ইউনিয়ন সভাপতি আব্দুল রশিদ হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা যুব ওলামা ফ্রন্টের বাগেরহাট জেলা সভাপতি মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাওলানা ওমর ফারুক বুলবুলি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা জাকের পার্টির সহ-সভাপতি খান আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক চাঁন, মোংলা উপজেলা জাকের পার্টির সভাপতি বাদল হোসেন হাওলাদার, মোরেলগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মান্নান শেখ, কচুয়া উপজেলা সভাপতি তোহিদুল ইসলাম মিনা, উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি আব্দুর রহিম, রামপাল উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি শেখ সাহেদ আলী। সভাটি সঞ্চালনা করেন জেলা জাকের পার্টির কৃষক ফ্রন্টের সভাপতি মুন্সী বাদল রেজা।
সভায় বক্তারা আরও বলেন, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী প্রতিষ্ঠিত জাকের পার্টির দেশে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দলটির জন্মলগ্ন থেকে ৩৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন। যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু এবং অর্থনৈতিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জাকের পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর। গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান।
