

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে চোরাই সিএনজি অটোরিক্সাসহ চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। চুরির ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে শান্তিগঞ্জ থানাধীন শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামে। ঘটনার সাথে জড়িত ২ চোরকে আটক করে শান্তিগঞ্জ পুলিশ।
শান্তিগঞ্জ থানা পুলিশ চুরির ঘটনার পর গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জ ও নেত্রকোনা জেলার বাহাট্টা থানার বাইশদার ছালিপুরা গ্রামে যৌথ অভিযান চালিয়ে চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার করেন এবং চুরির ঘটনার সাথে জড়িত ২ চোরকে আটক করেন। এ ঘটনায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে চোরাই যাওয়ার সিএনজির মালিক মুক্তখাই গ্রামের আসাদ আলী বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের বাসিন্দা ও সিএনজি অটোরিক্সা চালক আসাদ আলী সারাদিন সিএনজি অটোরিক্সা চালিয়ে ঐদিন সন্ধ্যায় মুক্তখাই পয়েন্ট সংলগ্ন গ্রাম্য কবরস্থানের পাশে লোহার শিকলে তালা দিয়ে সিএনজি অটোরিক্সাটি আটকিয়ে রাখেন। ঐদিন রাতে নিজ বসতবাড়ীতে রাত্রি যাপন করেন। পরদিন শুক্রবার (২৬ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১ টায় আসাদ আলী নিজ বসতবাড়ী থেকে সিএনজি অটোরিক্সা চালানোর উদ্দেশ্যে বাহির হয়ে মুক্তখাই পয়েন্ট সংলগ্ন গ্রাম্য কবরস্থানের পাশে এসে দেখতে পান তার লোহার শিকল ও তালা খোলা এবং তার সিএনজি অটোরিক্সাটি যথাস্থানে নাই। পরে তিনিসহ আত্মীয় স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে সিএনজি অটোরিক্সার কোন সন্ধান না পেয়ে শান্তিগঞ্জ থানায় ঐদিন বিকালে একটি সাধারণ ডায়রী করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক মো. ইসমাইল মিয়া জানান, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে সিএনজি অটোরিক্সা চুরির ঘটনার ৩ দিন পর শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদের নেতৃত্বে উপপুলিশ পরিদর্শক রাজিব রহমান, নবেল সরকার, ইসমাইল মিয়া ও সহ উপপুলিশ পরিদর্শক মোখলেছুর রহমানের যৌথ নেতৃত্বে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা কালে প্রথমে সিএনজি চোরচক্রের সদস্য শান্তিগঞ্জ থানা এলাকার জীবদারা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে খালেদ মিয়া (২৮) কে আটক করি। তার তথ্যের ভিত্তিতে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নেত্রকোনার বাহাট্টা থানার বাইশদার ছালিপুরা গ্রামে অভিযান চালিয়ে আসাদ আলীর চোরাই যাওয়া সিএনজি অটোরিক্সা উদ্ধার করি। এসময় সিএনজি অটোরিক্সা চোর চক্রের অপর সদস্য বাইশদার ছালিপুরা গ্রামের বাসিন্দা মৃত আফসার উদ্দিনের ছেলে মো. ইসলাম উদ্দিনকে আটক করি। উল্লেখিত ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা গ্রহণ করে আটককৃতদের মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। সিএনজি চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

