

সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা চরপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌ কন্টিনজেন্ট লে. কমান্ডার রাকিবুল হাসানের নেতৃত্বে নৌবাহিনী ও মহেশখালী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে মদগুলো উদ্ধার করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে একটি গোপন কারখানা থেকে প্রায় ৭০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে আগুন দিয়ে ধ্বংস করা হয়।
ওই দিন সকাল ১১টার সময় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নৌবাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন। মহেশখালীতে দায়িত্বরত নৌ বাহিনীর কন্টিনজেন্ট লে. কমান্ডার রাকিবুল হাসান জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
