

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম সূর্যখেলা পাড়ার ইস্কন মন্দির সংলগ্ন দুটি বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন- উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য, সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের মৃত আবদুল হকের ছেলে হাসান মনসুর (৫৪), একই ইউনিয়নের মৃত খুইল্যা মিয়ার ছেলে মো. সিরাজ (৫২) এবং ওসমান গণির ছেলে খোরশেদ আলম (২৪)।
অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিদর্শক একেএম আজাদ উদ্দিনের উপস্থিতিতে সেবনকৃত ইয়াবা ও গাঁজার অবশিষ্টাংশ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত হাসান মনসুর ও মো. সিরাজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং খোরশেদ আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। তিনি বলেন, 'মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এ ধরনের অপরাধে আমরা কাউকে ছাড় দেব না। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান চলছে এবং চলবে। আইন সবার জন্য সমান- এটাই আমাদের বার্তা।'
