

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: শীর্ষ সন্ত্রাসী, জলদস্যু ও চাঁদাবাজ রাসেল এবং তার ভাই সুজনের বিরুদ্ধে মানববন্ধন করেছে দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের স্থানীয় গ্রামবাসী।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শ্রীরায়েরচর সড়কের গোয়ালমারী বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাসেল ও সুজন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বাজারের ব্যবসায়ী এবং নদীপথের নৌকা চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এতে বক্তব্য রাখেন শাহআলম ফরাজী, আব্দুল গাফ্ফার ভূঁইয়া, কাউসার সরকার, আব্দুল মালেক মেম্বার, সিদ্দিকুর রহমান মেম্বার, রেজাউল করিম, রুবেল প্রধান, হাসান প্রধানসহ গোয়ালমারী ইউনিয়নের ভুক্তভোগীরা।
