

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সংবিধান সংস্কার ব্যতীত নির্বাচন হলে আবারো ফ্যাসিবাদের উত্থান ঘটবে। যে সংবিধান শেখ হাসিনাকে ফ্যাসিবাদী করে তুলেছে সেই সংবিধান বহাল রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই আলোকে নির্বাচন দিতে হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। নতুবা জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন বাংলাদেশ বিনির্মাণে আবারো জুলাই ফিরে আসবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় ডেমরার কোনাপাড়া বাসস্ট্যান্ডে ঢাকা-৫ আসনের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযান পূর্বক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব মুক্ত একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। জামায়াতে ইসলামী ৪ দফা ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। জামায়াতে ইসলামী সমাজ সেবামূলক কার্যক্রম দলমত, ধর্ম বর্ণ, জাতি—গোষ্ঠী নির্বিশেষে পরিচালনা করে থাকে। চন্দ্র, সূর্য, আকাশ—জমিন যেভাবে সকলের জন্য সমান ইসলামের বিধান সবার জন্য সমান। মানব রচিত মতবাদ ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু বানানো হলেও ইসলামের বিধানে কেউ সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠতার বিচারে কম—বেশি সুবিধা পাওয়ার সুযোগ নেই। রাষ্ট্রের কাছে সকল নাগরিক সমান সুযোগ লাভ করবে। ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। বেকারত্ব দূরীকরণের মাধ্যমে যুবসমাজকে অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে তৈরি করা হবে। পরিবারের বোঝা নয়, যুবসমাজ পরিবারের গর্বের কারণ হবে। জামায়াতে ইসলামীর কার্যক্রম দেশের সব শ্রেণি পেশার মানুষ বাংলাদেশের স্থিতিশীলতার জন্য জামায়াতে ইসলামীর প্রতি আস্থা রাখছে। জনগণ আগামীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে নতুন বাংলাদেশ দেখতে চায়।
এ সময়ে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা—৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা—৫ আসন পরিচালক আব্দুস সালাম কর্মপরিষদ সদস্য ও ডেমরা জোন পরিচালক অধ্যাপক মোকাররম হোসাইন খান। এছাড়াও সভায় ঢাকা—৫ আসনের সহকারী পরিচালক ও যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর শাহজাহান খান, ঢাকা—৫ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী, যাত্রাবাড়ী মধ্য থানা আমীর এডভোকেট এ.কে আজাদসহ ঢাকা—৫ সংসদীয় এলাকার সকল সাংগঠনিক থানা আমীর—সেক্রেটারি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে, নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে কোনাপাড়া বাসস্ট্যান্ড থেকে ফার্মের মোড় এলাকা পর্যন্ত গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযান পরিচালিত হয়। এসময় নেতৃবৃন্দ বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও কর্মচারী এবং পথচারীদের মাঝে জামায়াতে ইসলামীর দাওয়াত পত্রের লিফলেট বিতরণ করেন।
