ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৫

মির্জাগঞ্জে দুই চিকিৎসকের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামসুল ইসলাম সোহেল ও মেডিকেল অফিসার ডাঃ মু. উমর ফারুক জাবির এর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি করেছে এলাকাবাসী।

মঙ্গলবার "মির্জাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণ" এর ব্যানারে বরিশাল-বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কের সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে পৌনে একঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে ডাক্তারদ্বয়কে পুনর্বহালের দাবীতে বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। মানববন্ধনে উপজেলার সকল শ্রেণীপেশার হাজার হাজার নারী-পুরুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মির্জাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান জুয়েল, সুবিদখালী সরকারী কলেজ ছাত্রদল নেতা ইমরুল ইসলাম আলাল, মোঃ রবিউল ইসলাম রুবেল, মোঃ সাব্বির ফরাজী, ব্যবসায়ী সাইফুল ইসলাম আজাদ, মোঃ ওলি উল্লাহ, মোঃ ছিদ্দিকুর রহমান, কলেজ শিক্ষার্থী শারমিন আক্তার ও গৃহিনী আনজুম আরা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ শামসুল ইসলাম সোহেল ও ডাঃ মু. উমর ফারুক জাবির স্থানীয় কুচক্রী মহলের মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রের শিকার। হাসপাতাল চত্বরে রোগীদের হয়রানি না করতে নিষেধ করলে ষড়যন্ত্রকারীরা এই দুই মানবিক ডাক্তারের বিরুদ্ধে টাকার বিনিময়ে মিথ্যা সংবাদ প্রচার করে তাদেরকে বদলী করিয়েছেন। আমরা মানববন্ধন থেকে এই বদলীর আদেশ প্রত্যাহার করে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে পুনর্বহালের দাবী জানাই।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বলেন, ডাঃ শামসুল ইসলাম সোহেল ও ডাঃ মু. উমর ফারুক জাবি’র এর বদলীর আদেশনামা হাতে পেয়েছি। হাসপাতালে কমপ্লেক্সে দালাল চক্রের সক্রিয়তা স্বীকার করে তিনি বলেন, ডাক্তারদের এই বদলীর পিছনে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও দালালদের ষড়যন্ত্র আছে বলে ধারণা করছি। আমার এখানে ২১ জন ডাক্তারের স্থলে মাত্র ৭জন ডাক্তার আছেন, এখন আরও দুইজন কমে মাত্র ৫ জন ডাক্তার দিয়ে উপজেলাবাসীকে স্বাস্থ্যসেবা দেওয়া খুব কষ্টসাধ্য হবে। ডাক্তারদের বদলীর আদেশ প্রত্যাহারে দাবীর বিষয়টি নিয়ে পটুয়াখালী সিভিল সার্জন মহোদয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম বলেন, মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন ডাক্তারের বদলীর আদেশ হওয়ার সংবাদ জানতে পেরেছি। মির্জাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়ে পটুয়াখালী জেলা প্রশাসককে অবহিত করে স্মারকলিপিটি পাঠিয়েছি। স্থানীয় জনসাধারণের দাবী ও মানবিক দিক বিবেচনা করে উল্লিখিত ডাক্তারদ্বয়ের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীর বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মহোদয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অবহিত করবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram