

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: চলতি বছর পটুয়াখালীর বাউফলে ৬২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পটুয়াখালী জেলায় সর্বোচ্চ সংখ্যক দুর্গাপূজা বাউফলে হচ্ছে। পূজা উদযাপনে এক সপ্তাহেরও কম সময় হাতে রয়েছে। এখন বিভিন্ন পূজা মন্ডপের প্রতিমায় জোরকদমে প্রতিমা শিল্পীরা রং-তুলির শেষ আঁচর দিচ্ছেন।
মন্ডপে মন্ডপে শুরু হয়েছে ডেকোরেশন, লাইটিং এবং ইভেন্ট দিয়ে সাজ-সজ্জার কাজ। তবে আবহাওয়া নিয়ে উদ্বিগ্নে রয়েছে আয়োজকরা। ইতোমধ্যেই জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার এবং উপজেলা প্রশাসন পূজা উদযাপন পরিষদসহ পূজা মন্ডপের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপন নিয়ে মতবিনিময় করেছেন।
আজ সোমবার বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে দুর্গাপূজা নিয়ে পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, পূজা মন্ডপের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যানদেরকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূজায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ভিডিপিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে অবহিত করা হয়।
বাউফলের পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজিত কুমার সাহা ও সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল জানান, সকল পূজা মন্ডপকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। মন্ডপ কেন্দ্রিক স্বেচ্ছাসেবক নিশ্চিত করা হয়েছে। আসা করি অসাম্প্রদায়িক মনোভাব ও চেতনা নিয়ে এবছর পূজা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপিত হবে। মতবিনিময় সভায় বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন। এছাড়াও বাউফল সেনা ক্যাম্পের কমান্ডার, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সহকারী কমিশনার (ভূমি) মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
বাউফল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক অতুল পাল জানান, পূজায় আয়োজন এখনো বেশ ভালভাবেই চলছে। তবে আবহাওয়া নিয়ে আয়োজকরা উদ্বিগ্ন রয়েছেন।
