

আজহারুল ইসলাম, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় অভিনব কায়দায় মাদক পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দুধনই বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একটি ভ্যানগাড়ি জব্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানগাড়িটির উপরে মনোহারি দোকানের নানান মালামাল থাকলেও ভিতরে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ভারতীয় মদ। এতে বোঝা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে পাচারকারীরা অভিনব কৌশল অবলম্বন করেছিল। তবে ঘটনার সময় গাড়ির চালক কিংবা মালিককে পাওয়া যায়নি। এ ঘটনায় কারা জড়িত এবং কোথায় মদগুলো পৌঁছানো হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
ধোবাউড়া থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মদের বোতলের সংখ্যা ১২৯টি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ১৬ হাজার টাকা।
এ বিষয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার সাংবাদিকদের বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো প্রকার আপোষ নেই। আমরা ইতোমধ্যে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন করেছি। ধোবাউড়াকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।”
পুলিশের এমন অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। তারা মনে করেন, মাদক সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই পুলিশকে সহায়তা করার পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে এ ধরনের অপরাধ দমনে সবাইকে এগিয়ে আসতে হবে।

