

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে প্রশিক্ষণ প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো দু'জন।
নিহত তরুণ রাজিব হোসেন (২০) উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী টু মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন জানায়, উপজেলার কাজীনগর গ্রামের ইব্রাহীম একটি প্রশিক্ষণ প্রাইভেটকার কিনে স্থানীয় কিছু ছেলেকে ড্রাইভিং শেখায়। ওই প্রশিক্ষণ গাড়ির হেলপার রাজিব সোমবার সকালে প্রাইভেটকারটি পরিষ্কার করে নিজেই গাড়ি চালিয়ে বের হয়ে যায়। একপর্যায়ে চৌমুহনী টু মাইজদী সড়কের কাজীনগর গ্রামের সর্দার বাড়ির সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে প্রাইভেটকারটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন সকাল সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করে এবং আহতদের চিকিৎসা দিয়ে অভিভাবক মাধ্যমে বাড়ি পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
