

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুুরের পার্বতীপুুুরে বালুবোঝাই ট্রাক্টরের সাথে চার্জার ভ্যানের সংঘর্ষে শামসুদ্দিন (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আহম্মদ হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পার্বতীপুর-দিনাজপুর সড়কের যশাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চিরিরবন্দর থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক্টর পার্বতীপুর অভিমুখে যাওয়ার সময় ঘটনাস্থলে থাকা একটি চার্জার ভ্যান রাস্তা থেকে সরিয়ে নিতে গেলে সেটি দুর্ঘটনায় কবলিত হয়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় ভ্যান চালককে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখনও কেউ কোন অভিযোগ দায়ের করেনি।
