

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ডলার প্রতারণার অভিযোগে শরিফুল ইসলাম (৩২) নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে শরিফুল একাধিক ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন হাতিয়ে নেন। এ ঘটনায় এক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হকের নেতৃত্বে এসআই সিদ্দিক ও এএসআই বরুণ অভিযান চালিয়ে পাকেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
আটক শরিফুল ইসলাম আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট ফুলশাহ্পাড়া গ্রামের শহিদুল হকের ছেলে। বর্তমানে তিনি ইউনিয়ন যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ মার্চ উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান ও উপজেলা যুবদলের সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সি স্বাক্ষরিত ইউনিয়ন কমিটির তালিকায়ও (সিরিয়াল নং-১৯) শফিকুল ইসলামের নাম ক্রিয়া সম্পাদক পদে অন্তর্ভুক্ত ছিল।
তবে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুর রহমান মুন্সি বিষয়টি অস্বীকার করে বলেন, ওই ছেলে আমাদের দলের কিছুই না।
স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় হন।
খানসামা থানার ওসি নজমূল হক বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শরিফুলকে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ডলার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
