

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার চরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাত্রী রাণী রায়ের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ তথ্য শিক্ষা প্রশাসনের নজরে আসার পর তদন্ত শুরু হয়েছে।
অভিযোগ রয়েছে সরকারি কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার ও অবশিষ্ট মালামাল বিক্রি, নতুন দরজার টাকা আত্মসাৎ করে পুরাতন কাঠ দিয়ে দরজা তৈরি, ৯৬ জোড়া বেঞ্চের লোহার অংশ বিক্রি করে অর্থ আত্মসাৎ, বিদ্যালয়ে না এসেও হাজিরা খাতায় স্বাক্ষর করা, নিয়মিত স্কুলে অনুপস্থিত থাকা।
এছাড়া উন্নয়ন কাজে তার স্বামীকে কখনও কর্মকর্তা আবার কখনও ইঞ্জিনিয়ার পরিচয়ে উপস্থাপন করে এলাকাবাসীকে বিভ্রান্ত করার অভিযোগও রয়েছে। প্রতিবাদ করলে এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখানো হয়।
১০ সেপ্টেম্বর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মন্নাফ ও এটিও দ্বিজেন্দ্র চন্দ্র আচার্যের উপস্থিতিতে তদন্ত পরিচালিত হয়। এলাকাবাসীর অভিযোগ পূর্বের কর্মস্থলেও একই কারণে তার বদলি হয়েছিল। এখানে এসেও দুর্নীতিতে আরও বেপরোয়া হয়ে ওঠেন। তাই ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক রাত্রী রাণী রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে উপজেলা কর্মকর্তা একদিন সরেজমিন তদন্ত করেছেন। তদন্ত এখনও শেষ হয়নি; প্রতিবেদন শেষে দপ্তরে জমা দেওয়া হবে।
