

মো: জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।
মঙ্গলবার বিকেলে ৫ টার দিকে উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার নেতৃত্বে মিছিল করা হয়। মিছিলটি উপজেলার বাতাকান্দি বাজার থেকে শুরু হয়ে গৌরিপুর-হোমনা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাতাকান্দি বাজারে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে মিছিলে অংশগ্রহণসহ সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার। এছাড়াও বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী উপজেলা দাউদকান্দির জিংলাতলী এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে দাউদকান্দি থানা পুলিশ।
