

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ পাঁচরুকী এলাকার রবিউল ইসলাম (২৬) হত্যা মামলার দুই আসামিসহ বিভিন্ন অভিযোগে ৬ আসামিকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর উপজেলার পাঁচরুখী এলাকায় একটি পুকুর থেকে কাঠের সাথে বাঁধা অবস্থায় পাঁচরুখী বাঘাইভিটা এলাকার রবিউল ইসলাম (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতাররা হচ্ছেন, রবিউল হত্যা মামলার আসামি উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী পশ্চিমপাড়া এলাকার রজব আলীর পুত্র সাইফুল (২৮) এবং একই এলাকার লেহাজউদ্দিনের পুত্র রিয়াজ মিয়া (৩৫)। তাদেরকে রিমান্ড চেয়ে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে পৃথক অভিযানে এবং পৃথক অভিযোগে সখেরগাঁও এলাকার মৃত বিল্লালের পুত্র মোকাররম (৩৭), মাধবদী থানার আলগী এলাকার লাল মিয়ার পুত্র আ. করিম ওরফে ফয়সাল (৩০), রূপগঞ্জের নবাবের টেক (নলপাথর) এলাকার মোজাম্মেলের পুত্র জাইদুল (৪০) এবং প্রভাকরদী বাজার এলাকার লোকমানের পুত্র সিফাত (২২) কে গ্রেফতার করা হয়। তাদেরকেও বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, গ্রেফতার সাইফুল এবং রিয়াজের বিরুদ্ধে রবিউল হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অপরাপর আসামিরা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত।

