

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে সম্পত্তির বিরোধে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম করুনা রানী ভদ্র (৬২)। তিনি মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। অভিযুক্ত ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২) হত্যার পর থেকেই পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মা-ছেলের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার ভোর রাতে রবি চন্দ্র ভদ্র বসতঘরে ধারালো বটি দিয়ে জবাই করে মাকে হত্যা করে। ঘটনাস্থলেই করুনা রানী ভদ্র মারা যান। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল মামুন বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

