

জসিম সিদ্দিকী, কক্সবাজার: দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা ছড়িয়ে দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথভাবে আয়োজন করেছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। “তারুণ্যের উৎসব”-এর অংশ হিসেবে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রথম পর্বে দুর্দান্ত জয় পেয়েছে কক্সবাজার জেলা দল। বুধবার (১০ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে খাগড়াছড়িকে ২-০ গোলে হারায় কক্সবাজার।
দলের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ কায়সার। এর মধ্যে একটি আসে পেনাল্টি থেকে। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষকে চাপে রাখে কক্সবাজার। অন্যদিকে খাগড়াছড়িও কয়েকটি সুযোগ পেলেও দক্ষ ফরোয়ার্ডের অভাবে তা কাজে লাগাতে ব্যর্থ হয়।
কক্সবাজারের জাহাঙ্গীর, কায়সার, হেলাল ও বাবু ম্যাচজুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখান। খাগড়াছড়ির হয়ে ভালো খেলেন রাসেল ও রাজু মারমা, তবে দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি তারা।
দুই গোল করে ম্যাচসেরা হন কায়সার। তাঁকে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মুহাম্মদ হোসাইন, সরওয়ার রোমন, সালাহউদ্দিন ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ।
খেলা শেষে কক্সবাজার দলের হেড কোচ মাসুদ আলম জানান, আগামী ১৭ সেপ্টেম্বর খাগড়াছড়ির মাঠে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে তাঁর দল। এজন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং দলে যুক্ত করা হবে কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। অপরদিকে খাগড়াছড়ি দলের কোচ তুহিন বড়ুয়া বলেন, যথাযথ অনুশীলনের সুযোগ না থাকায় দল আশানুরূপ খেলতে পারেনি, তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা রাখছেন তারা।
উল্লেখ্য, জাতীয় চ্যাম্পিয়নশিপে দেশের ৬৪ জেলা অংশ নিচ্ছে। প্রথম ধাপে ৮ গ্রুপে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ হচ্ছে। এখান থেকে ৩২, তারপর ১৬ দল এবং শেষ পর্যন্ত নকআউট পর্বে সেমিফাইনাল শেষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

