

এম জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে নেসকো'র প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা সচেতন নাগরিক কমিটির ব্যানারে স্থানীয় ঢাকা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে আন্দোলনকারীরা প্রতিবাদ মিছিলসহ নেসকো'র প্রধান গেটে অবস্থান নেয়।
বিক্ষোভ চলাকালে নেসকো'র পার্বতীপুর অফিসে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, প্রধান প্রকৌশলী কর্মকর্তা ও আন্দোলনকারী নেতৃবৃন্দের এক বৈঠক চলে ঘন্টাব্যাপী। বৈঠকে জোর করে গ্রাহকের কাধে প্রিপেইড মিটার চাপিয়ে দেয়া যাবে না মর্মে সিন্ধান্ত গৃহীত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আবু তাহের, রেজাউল, আশরাফুল, গোলাপ ও আমানুল্লাহ প্রমুখ। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারী দেন বক্তারা। এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, ভ্যান ও রিক্সা চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
